
আমেরিকা থেকে বুধবারই বিমানে করে প্রথম দফায় ফেরত পাঠানো হয়েছে ১০৪ জন অবৈধবাসী ভারতীয়কে। সেই অবৈধবাসীদের মধ্যে ৩৩ জন ছিলেন গুজরাটের বাসিন্দা।
কিন্তু তাঁরা যে আমেরিকায় অবৈধ ভাবে থাকছিলেন, সে বিষয়ে নাকি জানতই না পরিবার।এমনই দাবি করছে আমেরিকাফেরত অবৈধবাসীদের অধিকাংশ পরিবার। গুজরাটে ফেরা এক অবৈধবাসী ভারতীয়দের তালিকায় রয়েছেন নিকিতা প্যাটেল। নিকিতার বাবা কানুভাই প্যাটেল দাবি করেছেন, তাঁদের কন্যা বাড়িতে বলেছিলেন যে, ইউরোপে বেড়াতে যাচ্ছেন। কিন্তু আমেরিকায় গিয়ে থাকা শুরু করেছিলেন, সেটা পরিবারের কাউকেই জানাননি। আরও এক অবৈধবাসী সুরাটের কেতুল প্যাটেল তাঁর ফ্ল্যাট বিক্রি করে আমেরিকায় পাড়ি দিয়েছিলেন। তাঁর এক আত্মীয় জানিয়েছেন, কেতুল আমেরিকায় গিয়েছিলেন তাঁরা জানতেন না। কিন্তু আমেরিকায় গিয়ে অবৈধ ভাবে থাকাটা তাঁর উচিত হয়নি বলেও জানিয়েছেন কেতুলের ওই আত্মীয়।
গান্ধীনগরের গোহিল পরিবারের আবার তিন সদস্য আমেরিকায় মাসখানেক আগে কাজের খোঁজে পাড়ি দিয়েছিলেন। তাঁদেরও পরিবারের একাংশের দাবি, কোথায় গিয়েছিলেন তাঁরা জানতেন না।
