
বুথ ফেরত সমীক্ষার আভাস সত্যি করে রাজধানী দিল্লির ভোটে গণনার শুরু থেকেই এগিয়ে বিজেপি। পোস্টার ব্যালটের পাশাপাশি সাধারণ গণনাতেও শুরু থেকেই পিছিয়ে আম আদমি পার্টি।
তবে শুরু থেকে পিছিয়ে রয়েছে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং বিদায়ী উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। পিছিয়ে রয়েছেন দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী আতিশী মারলেনা। পিছিয়ে রয়েছেন বিজেপির কয়েকজন হেভিওয়েট প্রার্থীও। কারণ, এটি প্রাথমিক ট্রেন্ড মাত্র। ফলে কয়েক রাউন্ড গণনা না হওয়া পর্যন্ত এ বিষয়ে এখনই নিশ্চিত করে বলা যাবে না আগামী পাঁচ বছর কার দখলে থাকবে দিল্লি। দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী আতিশী মারলেনার অবশ্য দাবি, দিল্লিতে কেজরিওয়ালের নেতৃত্বে তৃতীয়বার সরকার গঠন করবে আপই। টানা দু’বার দিল্লির তখতে রয়েছে আম আদমি পার্টি।
অন্যদিকে টানা ২৬ বছর দিল্লির ক্ষমতা থেকে দূরে বিজেপি। তবে এবারে অধিকাংশ বুথফেরত সমীক্ষাই পদ্মশিবিরকে এগিয়ে রেখেছে। তাতে ফল প্রকাশের আগে আত্মবিশ্বাসী গেরুয়া শিবির।




