
স্প্যানিশ অভিনেত্রী কার্লা সোফিয়া গ্যাসকোন গত বছর কান উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার পাওয়ার পর ব্যাপক আলোচনায় আসেন। জ্যাক অঁদিয়ারের এমিলিয়া পেরেজ সিনেমার জন্য এবারের অস্কারে সেরা অভিনেত্রী হিসেবে মনোনয়নও পেয়েছেন কার্লা।
সম্প্রতি তাঁর পুরোনো টুইট ঘিরে শুরু হয়েছে বিতর্ক। প্রবল রোষের মুখে দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন অভিনেত্রী। তারপরও থামছে না সমালোচনা। ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত নানা বিষয়ে টুইট করেন কার্লা।গত সপ্তাহে তাঁর পুরোনো টুইটগুলো সামনে এসেছে। ২০২০ সালের ২ সেপ্টেম্বর এক রেস্তোরাঁয় মুসলিম পরিবারের ছবি শেয়ার করে একটি টুইট করেন কার্লা। সেখানে তিনি বোরকা নিয়ে কটাক্ষ করেন। ২০২১ সালের ২৯ জানুয়ারি আরেকটি টুইটে,বর্তমান এক্স,তিনি লিখেছিলেন, আন্তর্জাতিক অধিকারগুলো পূরণ করতে ব্যর্থ। এর আগে ২০২০ সালে আমেরিকায় পুলিশের গুলিতে নিহত হন জর্জ ফ্লয়েড। তাঁর মৃত্যুর প্রতিবাদে পৃথিবীজুড়ে বর্ণবৈষম্য নিয়ে প্রবল আন্দোলন গড়ে ওঠে।এ ঘটনার পরপর জর্জ ফ্লয়েডকে মাদকসেবী আখ্যা দেন কার্লা।কয়েক বছর ধরেই অস্কারে বর্ণ ও গোষ্ঠীর প্রতি বৈষম্য কমাতে কাজ করছে একাডেমি। এই নীতিরও সমালোচনা করেন কার্লা।তিনি বলেন, মনে হচ্ছে অস্কারে কেবল ইনডিপেনডেন্ট ও প্রতিবাদী ধারার সিনেমাকে পুরস্কার দেওয়া হয়। এরপরেই অতীতের টুইটগুলো সামনে আসার পর সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটে রোষের মুখে পড়েন কার্লা। তাঁর অস্কার মনোনয়ন প্রত্যাহারেরও দাবি ওঠে। কার্লা সোফিয়াকে রেসিস্ট আখ্যা দিয়েছেন নেটিজেনরা। এমন মানসিকতার মানুষ কীভাবে অস্কারে মনোনয়ন পান, তা নিয়েও তুলেছেন প্রশ্ন। ব্যাপক প্রতিবাদের মুখে দুঃখ প্রকাশ করেন কার্লা। পরে এক বিবৃতিতে তিনি বলেছেন, তাঁর পুরোনো সোশ্যাল মিডিয়া পোস্টের কারণে অনেকে কষ্ট পেয়েছেন, তার জন্য দুঃখিত।
প্রান্তিক সম্প্রদায়ের একজন হিসেবে তিনি কষ্টের বিষয়গুলো গভীরভাবে অনুভব করতে পারছেন। যাঁদের কষ্ট দিয়েছেন, তাঁদের কাছে ক্ষমা চান। তাঁর বিশ্বাস, অন্ধকার দূরীভূত হয়ে সব সময় সত্যের জয় হবে।







