
দিল্লিতে বিজেপির জয় যত স্পষ্ট হয়েছে ততই এরাজ্যে উচ্ছ্বাসে ভেসেছেন বিজেপি কর্মী সমর্থকরা। প্রথমে মুরলীধর সেন লেন, পরে সল্টলেকের সদর দফতরে পটকা ফাটিয়ে, আবির এবং মিষ্টি বিলির মাধ্যমে উৎসবে মেতেছেন বিজেপি কর্মীরা।
এদিকে দিল্লির জয়ে উল্লসিত বিজেপি যখন ২০২৬-এ বাংলা জয়ের লক্ষ্যে সুর চড়িয়েছে তখন আড়াশো আসন পাবে বলে পাল্টা ঘোষণা করতে শুরু করেছে তৃণমূল। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় দাবি করেছেন শুধু দিল্লির ভোটের ফল নয়, সামনের বিহার ভোটের ফলও পড়বে ২০২৬-র এরাজ্যের বিধানসভা ভোটে। দিল্লি হয়ে বিহার হয়ে পশ্চিমবঙ্গ দখলে নেবে বিজেপি। অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ-র মধ্যে কলিঙ্গ হয়ে গিয়েছে, অঙ্গ হতে চলেছে, এরপর বঙ্গের পালা।
এদিকে তৃণমূল নেতা কুণাল ঘোষ দাবি করেছেন ২০২৬-এ বাংলা থেকে আড়াইশোরও বেশি আসন পেয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
