
বাজিকাণ্ডে আগেও গ্রেফতার হয়েছিলেন, জামিন পেয়ে ফের বেআইনি বাজি কারখানা চালাতেন খোকন বিশ্বাস।
শুক্রবার কল্যাণীর রথতলায় বাজি বিস্ফোরণে ৪ মহিলার মৃত্যুর পর গ্রেফতার করা হয়েছে বাজি কারখানার মালিক খোকন বিশ্বাসকে। তাঁকে আদালতে তোলা হলে বিচারক ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি পুলিশি অভিযানে খোকনের বাড়ি থেকে প্রচুর পরিমাণে বাজি উদ্ধার করেছে পুলিশ। এদিকে শনিবার দুর্ঘটনাস্থল পরিদর্শন করে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তিনি প্রশ্ন তুলেছেন প্রশাসনের নজর এড়িয়ে অবৈধভাবে বাজি তৈরি করা হচ্ছিল কিভাবে।
এতেই পরিষ্কার বাজির আড়ালে অন্যকিছু তৈরি হয়ে থাকতে পারে। রাজ্য সরকার এখনই কোনও ব্যবস্থা না নিলে কেন্দ্রীয় স্তরে বিষয়টি জানাবেন। এরইমধ্যে শনিবার দুর্ঘটনাস্থল পরিদর্শন করে নমুনা সংগ্রহ করেছেন ফরেন্সিক দল।
