
এবার ডাকাতির লক্ষ্যে গুলি চালানোর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় এলাকা। অভিযোগ গভীর রাতে উত্তর কাশীপুর থানার বেলেদানা এলাকায় এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালিয়ে তাঁর থেকে নগদ ১৬ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে এক দুষ্কৃতী।
গুরুতর আহত অবস্থায় ওই ব্যবসায়ীকে আর জি কর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে বেলেদানা বাজারে সবজি কিনতে যাচ্ছিলেন আহত ব্যবসায়ী। সেই সময় তাঁর পথ আটকে দাঁড়িয়ে আচমকা গুলি চালায় দুষ্কৃতী। অন্ধকারের সুযোগে পালিয়ে যায় সে।
স্থানীয় হাসপাতালে প্রথমে ভর্তি করানোর পর অবস্থার অবনতি হলে পরে আর জি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। গুলি চালনা এবং ছিনতাইয়ের ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কাশীপুর থানার পুলিশ।








