
বালুরঘাটে আত্রেয়ী নদীর বাঁধ ভেঙে ড্যাম এর কাছে ঘাটে নামার সিঁড়ি বিপর্যয়ের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। এই ঘটনায় রাজ্যকে নিশানা করে বিজেপির রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার এক্স পোস্টে লিখেছেন, বছর দুয়েক আগে বালুরঘাটে আত্রেয়ী নদীর উপর ড্যাম তৈরি করেছিল রাজ্য সরকার।
কিন্তু সেখানেও বিপর্যয়। আকস্মিকভাবেই সেই ড্যামও ভেঙে পড়ার ঘটনায় যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় মানুষজন। ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে যে কায়দায় সর্বত্র প্রতিষ্ঠানিক লুঠ চলছে, তাতে স্পষ্ট আগামী বছর পশ্চিমবঙ্গের মানুষই তাঁর লুঠের সরকারও ভেঙে গুঁড়িয়ে দেবে। রবিবার রাতেই আচমকা আত্রেয়ী নদীর ওপর বাঁধ ভেঙে জল ঢোকার আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন সেচ দফতরের ইঞ্জিনিয়াররা। এলাকায় যায় পুলিশ ও পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র।রাত পর্যন্ত তারা খতিয়ে দেখার চেষ্টা করছেন, কীভাবে ওই ঘটনা ঘটল। নদীর ড্যাম তৈরি হয়েছে এক বছর হল। কিন্তু এর মধ্যেই এই ঘটনা রীতিমতো প্রশ্ন তুলে দিয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ড্যাম্পের গেট বন্ধ করে রাখার জন্যই ড্যাম্পের পাশের ওয়ালের তলে ফুটো থাকায় সেখান দিয়ে জল পাশ হতে শুরু করে এবং তারপরেই বাঁধ ভেঙে হুড়মুড়িয়ে জল ঢুকতে শুরু করে।
