
যমুনা মায়ের অভিশাপের কারণে হেরেছে আপ। ইস্তফাপত্র দেওয়ার সময় বিদায়ী মুখ্যমন্ত্রী অতিশী মারলেনাকে এমনই বলেছেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সক্সেনা।
জানা গিয়েছে, গভর্নর আতিশীকে আরও বলেছেন, যে সুপ্রিম কোর্টের নির্দেশে নদী পরিষ্কারের একটি প্রকল্প বন্ধ করে দেওয়ার পর তিনি অরবিন্দ কেজরিওয়ালকে যমুনার অভিশাপ সম্পর্কে সতর্ক করেছিলেন। অতিশী অবশ্য লেফটেন্যান্ট গভর্নরের বক্তব্যের কোনও প্রতিক্রিয়া জানাননি। তাছাড়া, লেফটেন্যান্ট গভর্নরের সচিবালয় এই কথোপকথনের বিষয়ে কোনও মন্তব্য করতে চায়নি।
যমুনা সংক্রান্ত উচ্চ-স্তরের কমিটির উপর সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ ২ বছরেরও বেশি সময় ধরে কার্যকর রয়েছে। যমুনা নিয়ে অভিশাপ সম্পর্কে সতর্ক করার মূলে রয়েছে দুই বছর আগে ভি কে সাক্সেনা এবং অরবিন্দ কেজরিওয়ালের মধ্যে যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল তা নিয়ে।
