লন্ডনের স্টেশনে বাংলা নামে আপত্তি ব্রিটিশ এমপি -র, সমর্থন মাস্কের 

0
175
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

ইংল্যান্ডের টিউব স্টেশনে ইংরেজির পাশাপাশি বাংলায় লেখা সাইনবোর্ড ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। গ্রেট ইয়ারমাউথের এমপি রুপার্ট লোউ দাবি করেছেন, স্টেশনের নাম শুধুমাত্র ইংরেজিতেই লেখা উচিত, অন্য কোনও ভাষায় নয়।

রুপার্ট লোউ-এর এই মন্তব্য দ্রুত ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এতে ইলন মাস্কও প্রতিক্রিয়া জানান। তিনি সংক্ষিপ্তভাবে উত্তর দেন, হ্যাঁ। এক্স হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করে লোউ লেখেন, এটি লন্ডন। স্টেশনের নাম ইংরেজিতেই থাকা উচিত। কেবল ইংরেজিতে। রিফর্ম ইউকে পার্টির এমপি রুপার্ট লোউ-এর পোস্টের পরেই সোশ্যাল মিডিয়ায় তর্কবিতর্ক শুরু হয়। অনেকে তাঁর বক্তব্য সমর্থন করেছেন, আবার অনেকেই বলেছেন, যে একাধিক ভাষায় সাইনবোর্ড থাকা কোনও অন্যায় নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী, বিশ্বের অন্যতম টেক জায়ান্ট ইলন মাস্ক সম্প্রতি রিফর্ম ইউকে পার্টির নেতৃত্বে নাইজেল ফারাজের পরিবর্তে লোউকে বসানোর পক্ষে মত দিয়েছেন। এর পরে লোউ-এর এই মন্তব্যকে সমর্থনও করলেন।

২০২২ সালে লন্ডনের হোয়াইটচ্যাপেল টিউব স্টেশনে বাংলা ভাষায় সাইনবোর্ড লাগানো হয়। পূর্ব লন্ডনে বসবাসকারী বিশাল বাংলাদেশি কমিউনিটির অবদানের স্বীকৃতি হিসেবে এটি সেখানে রাখা হয়েছিল।