
কেরলের নার্সিং কলেজে প্রথম বর্ষের ছাত্রদের র্যাগিংয়ের ভয়ংকর ভিডিও প্রকাশ্যে এসেছে। কোট্রায়ামের ওই সরকারি কলেজের ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, এক ছাত্রকে হাত-পা বেঁধে বিছানায় ফেলে রাখা হয়েছে।
তাঁর শরীরে ধারালো কম্পাস দিয়ে বারবার খোঁচানো হচ্ছে। ক্ষতস্থানে সাদা তরল ঢেলে দেওয়া হয়েছে, যাতে ব্যাথা আরও বৃদ্ধি পায়। এমনকী চোখে, মুখে ও ওই তরল ঢেলে দেওয়া হয়েছে। যৌনাঙ্গে ঝুলিয়ে দেওয়া হয়েছে ডাম্বেল। ভিডিওতে দেখা গিয়েছে বারবার আর্তনাদ করলেও পাশে দাঁড়িয়ে সিনিয়ররা হেসে যাচ্ছে। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি এস নিউজ।
প্রথম বর্ষের তিন ছাত্র পুলিশের কাছে অভিযোগ করতেই তৃতীয় বর্ষের অভিযুক্ত পাঁচ ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। স্যামুয়েল জনসন, রাহুল রাজ, জীভা, রিজিল জিত ও বিবেক-এই ছাত্রদের বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ।
