
আমেরিকা থেকে অবৈধ অভিবাসীদের নিয়ে তৃতীয় বিমান এসে পৌঁছেছে ভারতে। রবিবার রাত ১০টা নাগাদ ১১২ জন অবৈধবাসীকে নিয়ে পাঞ্জাবের অমৃতসরে অবতরণ করে আমেরিকার বিমান।
সংবাদ সংস্থা সূত্রে খবর, এই ১১২ জন অবৈধবাসীর মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন হরিয়ানার বাসিন্দা। হরিয়ানার ৪৪ জন, গুজরাটের ৩৩ জন এবং পাঞ্জাবের ৩১ জন রয়েছেন ওই তালিকায়। এ ছাড়া উত্তরপ্রদেশের দু’জন, উত্তরাখণ্ডের একজন এবং হিমাচল প্রদেশের এক জন বাসিন্দা রয়েছেন। কেন আমেরিকা থেকে অবৈধবাসীদের নিয়ে আসা বিমানগুলিকে পঞ্জাবে অবতরণ করানো হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা ভগবন্ত মান।
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর গত ৫ ফেব্রুয়ারি ভারতে প্রথম দফায় অবৈধবাসীদের ফেরত পাঠানো হয়। ওই দিন ১০৪ জন অবৈধবাসীকে নিয়ে অমৃতসরে আসে আমেরিকার সামরিক বিমান। দ্বিতীয় দফায় শনিবার রাতে পৌঁছোনো বিমানটিতেও ১১৬ জন ফিরেছেন।



