
মা’কে খুন করেছে বাবাই, পুলিশের কাছে আত্মহত্যার তত্ত্বকে ছবি এঁকে নস্যাৎ করে দিয়েছে চার বছরের শিশুকন্যা। মধ্যপ্রদেশের ঝাঁসির এই ঘটনায় পুলিশের প্রধান অবলম্বন ওই খুদের একটি খাতা।
যেখানে সে ছবি এঁকে এঁকে দেখিয়েছে, কী ভাবে মাকে অত্যাচার করে বাবা মেরে ফেলেছে। সঙ্গে সে লিখেছে, বাবাই মাকে খুন করেছে। সোমবার সকালে ঝাঁসির কোতোয়ালি এলাকায় অস্বাভাবিক ভাবে মৃত্যু হয় বছর সাতাশের এক গৃহবধূ। সোনালী বুধোলিয়া নামের ওই তরুণীর বাবা-মাকে ফোন করে জানানো হয়, শারীরিক অসুস্থতার পর হঠাৎই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে মেয়ে। পুলিশ ঘটনাস্থলে এসে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করে। পুলিশ সূত্রে খবর, প্রথমে ঘটনাটিকে আত্মহত্যা বলেই মনে করা হচ্ছিল। কিন্তু তদন্তকারীদের ভুল ভাঙিয়ে দেয় চার বছরের শিশুকন্যা। ওই শিশু পুলিশকে জানায়, বাবা প্রায়ই মাকে মারধর করত। ঘটনার দিন বাবাই মাকে পাথর দিয়ে মাথায় মেরে দেহ ঝুলিয়ে দেয় বলে তদন্তকারীদের জানায় সে। অত্যাচারের বিবরণ তুলে ধরতে নিজের আঁকার খাতাও পুলিশের হাতে তুলে দেয়। তার পরেই তদন্ত অন্য দিকে মোড় নেয়। পুলিশ ওই তরুণীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তরুণীর স্বামীর নাম সন্দীপ বুধোলিয়া।
ইতিমধ্যে মেয়েকে খুনের অভিযোগ তুলেছে তরুণীর বাড়ির লোকজন। চলছে তদন্ত।
