তিস্তার জলের দাবিতে বাংলাদেশে পদযাত্রা

0
137
ছবি সৌজন্যে : এক্স

ভারত-বাংলাদেশের অভিন্ন নদীর জলের ভাগ আদায়ের দাবিতে তিস্তা অভিমুখে দু’ দিনের কর্মসূচি শুরু করেছে বিরোধীদল বিএনপি ও তাদের মিত্ররা। বাংলাদেশের লালমনিরহাটে এই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জাগো বাহে-তিস্তা বাঁচাও স্লোগান সামনে রেখে উত্তরের পাঁচ জেলা লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা ও নীলফামারীর ১১টি স্থানে বিএনপির নেতাদের উপস্থিতিতে এই কর্মসূচি পালিত হবে। উদ্যোক্তারা জানিয়েছেন, তিস্তার জলের ন্যায্য ভাগ আদায় এবং মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা অভিমুখে পদযাত্রা করা হবে। একই সঙ্গে নদীর দুই তীরে ২৩০ কিলোমিটার জুড়ে অবস্থান কর্মসূচি পালন করবে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি। মঙ্গলবার বিকালে ওই পদযাত্রায় ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি তিন জেলার ১১ পয়েন্টে ভার্চুয়ালি যুক্ত হন। এর আগে,লালমনিরহাট সদর উপজেলার তিস্তা রেলসেতু এলাকায় জাগো বাহে-তিস্তা বাঁচাই স্লোগানে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতকে পরিষ্কার করে বলতে চান, আগেও বলেছেন, এখনো বলছেন,বাংলাদেশের মানুষের সঙ্গে যদি বন্ধুত্ব করতে চান, আগে তিস্তার জল দিন। সীমান্ত হত্যা বন্ধ করতে হবে।

বাংলাদেশের সঙ্গে বড় দাদা আর মাস্তানমুখী আচরণ বন্ধ করতে হবে। বাংলাদেশ অবশ্যই ভারতকে একটা বন্ধু রাষ্ট্র হিসেবে দেখতে চায়, সে বন্ধুত্ব হবে সম্মানের সঙ্গে যে পাওনা আছে সে পাওয়া বুঝে দেওয়ার সঙ্গে।