
দে পরিবারের মহিলাদের ময়নাতদন্তের মধ্যেই খুনের মামলা দায়ের করেছে পুলিশ। রহস্যজনকভাবে মৃত এক বউমার পরিবারের অভিযোগের ভিত্তিতে ট্যাংরা খানা খুনের মামলা দায়ের করেছে। যদিও কারও বিরুদ্ধে স্পষ্ট করে অভিযোগ করা হয়নি।
বুধবার ট্যাংরার শূর রোডের চিত্ত নিবাসের তিনতলার ঘর থেকে সুদেষ্ণা দে, রোমি দে এবং বাড়ির মেয়ে প্রিয়ংবদার দেহ উদ্ধার হয়। এটি খুন না আত্মহত্যা তা এখনও স্পষ্ট নয়। পরিবারের ছোট বউ রোমির ডান এবং বাঁ দুই হাতেরই শিরা কাটা ছিল। বড় বউ সুদেষ্ণার ডান হাতের শিরা কাটা ছিল। দুই বউয়ের গলার নলি কাটা অবস্থায় পেয়েছে পুলিশ। হাতের শিরা কেটে তারপর গলার নলি কেটে আত্মহত্যা কী ভাবে সম্ভব তা নিয়ে ধন্ধে হয়েছে পুলিশ। পাশাপাশি রোমি এবং প্রসূনের মেয়ে প্রিয়ংবদার নাকের ওপর কালশিটে দাগ ছিল। তাকে শ্বাসরোধ করা হয়েছিল কিনা তাও স্পষ্ট হয়নি। ট্যাংরা খানা এবং লালবাজারের হোমিসাইড শাখার পুলিশ তদন্ত করছে। পাশাপাশি গাড়ি দুর্ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে গড়ফা থানার পুলিশ। দুই ভাই প্রণয়, প্রসূন দে এবং পরিবারের ছেলে প্রতীপ দে রুবি হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছে।
প্রণয় দে-র নাবালক ছেলে প্রতীপের আঘাত সবথেকে বেশি গুরুতর। তাঁর ডান হাত, কাঁধ, আঙুলের চোট গুরুতর। বুধবার প্রতীপের অপারেশন হয়েছে। প্রণয় দে-র ফিমার বোন ভাঙা ছিল। তাঁরও অপারেশন হয়েছে।
