
রহস্যময় মহিলাকে নিয়ে বাড়ি ফেরার পথে বুধবার রাতে নিজের গাড়িতে গুলিবিদ্ধ হয়েছেন হুগলির চণ্ডীতলা থানার আইসি জয়ন্ত পাল। অত রাতে আইসির গাড়িতে রহস্যময় মহিলার উপস্থিতি ভাবাচ্ছে তদন্তকারী অফিসারদের।
মহিলার সঙ্গে আইসির সম্পর্কই বা কি তাও জানার চেষ্টা করছেন তদন্তকারী অফিসাররা। বুধবার রাতে মধ্য হাওড়ার ঘোষপাড়া পেট্রোল পাম্পের কাছে নেতাজি সুভাষ রোডে গুলি চলার খবর পেয়ে ব্যাঁটরা এবং শিবপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। জানা যায় গুলিবিদ্ধ হয়েছেন হুগলির চণ্ডীতলা থানার আইসি। বুধবার রাতে নীল রংয়ের গাড়ি করে ঘোষপাড়া পেট্রোল পাম্পের সামনে ওই এলাকায় গিয়েছিলেন। সেই গাড়িতে টিনু দাম নামে এক মহিলাও ছিলেন। পিছনে সাদা গাড়িতে আরও দুজন ওখানে পৌঁছয়। এরপরেই বচসার মধ্যেই সার্ভিস রিভলবার থেকে গুলি চলেছে বলে অনুমান তদন্তকারী অফিসারদের। আইসির হাতে গুলি লেগেছে বলে অনুমান। বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটি।
পাশাপাশি আইসির সঙ্গে থাকা রহস্যময় মহিলাকে জেরা করা হচ্ছে। হাসপাতালে চিকিৎসাধীন আইসিকেও জিজ্ঞাসাবাদ করে কারণ জানার চেষ্টা করছে হাওড়া সিটি পুলিশের অফিসাররা।
