
শিকলমুক্ত হচ্ছেন আমেরিকা থেকে ভারতে আসা অবৈধবাসীরা। অবৈধ অভিবাসী ফেরানো নীতিতে বদল ঘটালো আমেরিকা।
কেন্দ্রের তরফে জানানো হয়েছে, শেষ দুই দফায় যে ২২৮ জন অবৈধ ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে সেখানে মহিলা ও শিশুদের শিকলবন্দি করা হয়নি। অর্থাৎ মহিলা ও শিশুরা রেহাই পেলেও, পুরুষরা রেহাই পাননি।এদিকে ক্ষমতায় আসার পরই আমেরিকায় অবৈধভাবে বসবাস করা বিদেশিদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সেই মত ৫ ফেব্রুয়ারি শতাধিক ভারতীয়কে আমেরিকা থেকে ফেরত পাঠানো হয়।যাঁদের হাতে-পায়ে ছিল মোটা লোহার বেড়ি।ওই অবস্থাতেই অমৃতসর বিমানবন্দরে নামানো হয় ভারতীয়দের। চরম অসম্মানের এই ছবি প্রকাশ্যে আসতেই বিতর্ক তৈরি হয়।সংসদেও এই ইস্যুকে হাতিয়ার করে নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে সরব হয় বিরোধী শিবির।সরকারের তরফেও জানানো হয়, এই বিষয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে কথা বলা হবে।ভারতীয়দের সম্মানের সঙ্গে ফেরানো হয় তা নিশ্চিত করা হবে। এই ঘটনার পরপরই আমেরিকা সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর,মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় উঠে আসে এই ইস্যুও।মোদি-ট্রাম্প সাক্ষাতের পর আরও দু’ দফায়, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি ২২৮ জন অবৈধবাসীকে ফেরত পাঠিয়েছে আমেরিকা।
সে প্রসঙ্গেই স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ভারতীয়দের শিকল পরিয়ে ফেরানোর ঘটনায় মার্কিন প্রশাসনের কাছে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল।ভারতের তরফে স্পষ্ট জানানো হয়েছিল, যাঁদের ফেরানো হচ্ছে তাঁদের প্রতি মানবিক আচরণ করা হোক,এবং তাঁদের ধর্মীয় বিশ্বাসকে সম্মান দেওয়া হোক।







