
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ ইলন মাস্কের মহাকাশপ্রযুক্তি কোম্পানি স্পেসএক্সের বিরুদ্ধে করা একটি মামলা প্রত্যাহার করবে মার্কিন বিচার বিভাগ।
স্পেসএক্স নির্দিষ্ট কিছু অভিবাসীকে নিয়োগ দিতে অস্বীকৃতি জানিয়েছিল বলে ওই মামলায় অভিযোগ করা হয়।এর আগে বিচার বিভাগ গত মাসে ইঙ্গিত দিয়েছিল যে তারা ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে করা মামলাটি প্রত্যাহার করতে পারে।রিপাবলিকান পার্টি থেকে নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষপর্যায়ের উপদেষ্টাদের একজন ইলন মাস্ক। তিনি আমেরিকার কেন্দ্রীয় সরকারের একটি কমিশনের নেতৃত্ব দিচ্ছেন। যে কমিশন সরকারের অপচয় চিহ্নিত করার কাজ করছে।টেক্সাসের ব্রাউনসভিলের আদালতে পেশ করা নথিতে সরকারি আইনজীবীরা একজন বিচারককে এই মামলার শুনানি বন্ধ করার আবেদন জানান। যাতে তাঁরা মামলাটি খারিজের নোটিশ দাখিল করতে পারেন। বিচার বিভাগ বলেছে, তারা পুরোপুরিভাবে মামলাটি খারিজ করবে, যাতে এটি আর আদালতে তোলা না যায়। উল্লেখ্য,২০২৩ সালের আগস্টে বিচার বিভাগ একটি প্রশাসনিক অভিযোগ দায়ের করে।
এতে বলা হয়, স্পেসএক্স ২০১৮-২০২২ সাল পর্যন্ত নিয়মিতভাবে আশ্রয়প্রার্থী ও শরণার্থীদের তাদের কোম্পানিতে চাকরির আবেদন করতে নিরুৎসাহিত করেছিল। এমনকি তাঁদের বিষয়ে বিবেচনা করতেও অস্বীকৃতি জানিয়েছিল।








