
ভারতের ভোটার উপস্থিতি বাড়াতে উৎসাহ দেওয়ার লক্ষ্যে পরিচালিত ২ কোটি ১০ লাখ ডলার অনুদান বাতিল নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে উদ্বেগ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। দিল্লি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে আমেরিকার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার ,ইউএসএআইডির অনুদান প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন,আমেরিকার এই অনুদান সংস্থাকে সরল বিশ্বাসে কাজ করতে দেওয়া হয়েছিল, কিন্তু এখন তা নিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বক্তব্য উদ্বেগজনক।
জয়শঙ্কর বলেছেন,ট্রাম্প প্রশাসনের কর্তারা কিছু তথ্য প্রকাশ করেছেন এবং অবশ্যই তা উদ্বেগের। তাঁর মনে হয়, একটি নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি তৈরির জন্য কিছু মানুষ সক্রিয় হয়ে উঠেছেন। একটি দেশের ক্ষমতাসীন সরকার হিসেবে তাঁর বিষয়টি খতিয়ে দেখছেন। সত্য ঘটনা প্রকাশ্যে আসবেই।তিনি আরও বলেছেন, ইউএসএআইডি নিয়ে কাজ করেন কি না, তা নিয়ে কোনও প্রশ্ন নেই। ইউএসএআইডিকে ভারতে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে।
বছরের পর বছর ধরে এই সংস্থা এখানে কাজ করছে। কিন্তু ওদের কাজ করতে দেওয়া হয়েছিল সরল বিশ্বাসে, ভালো কাজের জন্য। এখন কথা উঠছে, আমেরিকার অনুদান খারাপ কাজে ব্যবহার করা হয়েছে। ফলে বিষয়টি খতিয়ে দেখা দরকার।যদি এই অভিযোগ সত্যি হয়, দেশের মানুষের এটা জানার অধিকার আছে যে, কারা সেই খারাপ কাজের সঙ্গে যুক্ত।
