
পরীক্ষার্থীদের সুবিদার্থে মধ্যপ্রদেশের গ্লোবাল ইনভেস্টার্স সামিটে দেরিতে পৌঁছনোর জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মধ্যপ্রদেশের গ্লোবাল ইনভেস্টার্স সামিটের উদ্বোধন হওয়ার কথা ছিল সকাল ১০ টায়। সকাল ১০ টাতেই মধ্যপ্রদেশের রাজভবন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসার কথা ছিল ভোপালের ওই অনুষ্ঠানস্থলে।
তবে অনুষ্ঠানে ১৫-২০ মিনিট দেরিতে পৌঁছে উপস্থিত সকলের কাছে ক্ষমাও চেয়ে প্রধানমন্ত্রী জানিয়েছেন তিনি আজ রাজভবন থেকেই দেরিতে বেরিয়েছেন। মোদী বলেছেন, তিনি জানতে পেরেছিলাম যে, ভোপালে দশম আর দ্বাদশের বোর্ড পরীক্ষা রয়েছে। আর পরীক্ষার সময়ই মোদীর রাজভবন থেকে রওনা হওয়ার কথা ছিল। প্রধানমন্ত্রী জানান, রাস্তায় ভিআইপি চলাচলের ফলে ট্রাফিকের সমস্যা হতে পারে, তার জেরে পরীক্ষার্থীরা বিপদে পড়তে পারেন ভেবে, নিজের সময়সূচি পরিবর্তন করে দেন তিনি।
এদিকে প্রধানমন্ত্রী মোদীর এই পদক্ষেপকে সাধুবাদ জানান মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। তিনি বলেন, প্রধানমন্ত্রী চিরকালই পরীক্ষার্থীদের প্রতি সংবদেনশীল। সোমবার থেকে ভোপালের রাষ্ট্রীয় মানব সংগ্রহালয়ে চালু হয়েছে গ্লোবাল ইনভেস্টার্স সামিট। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন নরেন্দ্র মোদী।
