নেইমারের অবিশ্বাস্য অলিম্পিক গোল

0
260
ছবি : সংগৃহীত

নেইমার শেষ কবে কোনো ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেছেন? দিন হিসাব করে কেউ যদি পেছনের দিকে যেতে থাকেন, তাহলে হয়তো হতাশ হয়ে অর্ধেকেই থেমে যেতে হবে। নেইমার শেষ ৯০ মিনিট খেলেছেন ২০২৩ সালের ১২ অক্টোবর।

সেদিন বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলার বিপক্ষে ১-১ গোলের ড্র ম্যাচে শেষবারের মতো পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন নেইমার। অর্থাৎ নেইমারের শেষ ৯০ মিনিট খেলার ৫০০ দিন পূর্ণ হয়েছিল।তবে ৫০০ দিন পূরণের রাতেই সান্তোসের হয়ে মাঠে নেমে পুরো ম্যাচ খেললেন নেইমার। শুধু খেললেন বললে অবশ্য ভুল হবে। ক্যাম্পেওনাতো পলিস্তায় ইন্তারনাসিওনাল দি লিমেইরার বিপক্ষে সান্তোসের ৩-০ গোলের জয়ে নেইমার করেছেন অবিশ্বাস্য এক অলিম্পিক গোল।ম্যাচের ২৭ মিনিটে কর্নার থেকে সরাসরি গোল করে থামিয়ে দেন আওয়াজ দিতে থাকা দর্শকদের। কর্নারে নেইমারের নেওয়া বাঁকানো শট দূরের পোস্টে লেগে জালে জড়ায়।কর্নার থেকে সরাসরি করা গোলকেই বলা হয় অলিম্পিক গোল। ১৯২৪ সালে সে সময়ের অলিম্পিক চ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে এক প্রীতি ম্যাচে কর্নার থেকে সরাসরি গোল করেছিলেন আর্জেন্টাইন স্ট্রাইকার সিজারো ওনজারি। অলিম্পিক চ্যাম্পিয়নদের বিপক্ষে করার কারণেই এই গোলটি পরে অলিম্পিক গোল হিসেবে পরিচিতি পায়।এই গোলের পর নেইমারের উদ্‌যাপনটাও ছিল দেখার মতো।

যে উদ্‌যাপনে তিনি ফিরিয়ে এনেছেন ক্রিস্টিয়ানো রোনালদোকে।পর্তুগিজ মহাতারকার মতোই গোল করে বিজ্ঞাপন বোর্ডের ওপর বসে উদ্‌যাপন সেরেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার।