স্বাস্থ্যসচিবকে সিরিয়াস হতে পরামর্শ মুখ্যমন্ত্রীর

0
129
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে আরও সিরিয়াস হওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে দফতরে আধিকারিক স্তরে মতানৈক্য কমাতে যোগাযোগ আরও বৃদ্ধি করতে বলেছেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য আরজি কর-কাণ্ড এবং তার পরবর্তী আন্দোলনে বার বার প্রশ্ন উঠেছিল স্বাস্থ্যসচিবের ভূমিকায়। আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের অন্যতম দাবি ছিল স্বাস্থ্যসচিব পদ থেকে নিগমের অপসারণ।তবে মুখ্যমন্ত্রী বরাবরই পাশে থেকেছেন নারায়ণস্বরূপ নিগমের। প্রতি বারই তিনি স্পষ্ট করে দিয়েছিলেন, স্বাস্থ্যসচিবের অপসারণের দাবি মানা সম্ভব নয়। সেই নিগমের কাজ নিয়ে এ বার চিকিৎসকদের সম্মেলনেই প্রকাশ্য মঞ্চে অনুযোগের সুর মমতার গলায়। এরপরেই কলকাতার আলিপুরের ধনধান্য প্রেক্ষাগৃহে রাজ্যের সর্বস্তরের চিকিৎসকদের নিয়ে সম্মেলনে মুখ্যমন্ত্রী পরামর্শ দিয়েছেন রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে।তাঁর বক্তৃতার সময়ে মঞ্চেই বসেছিলেন স্বাস্থ্যসচিব নিগম।বক্তৃতার শেষ ভাগে স্বাস্থ্যসচিবের কাজ নিয়ে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্যসচিব নিগমকে আর একটু সিরিয়াস হওয়ার পরামর্শ দিয়ে মুখ্যমন্ত্রী জানান, প্রশাসনিক কাজকর্মে সাহায্য করার জন্য ৮-১০ জন আইএএস আধিকারিককে নিযুক্ত করা হয়েছে স্বাস্থ্য দফতরে।পাশাপাশি, চিকিৎসকেরাও রয়েছেন। নিগমের উদ্দেশে তিনি বলেন, তোমাদের মধ্যে কিন্তু একটা মতানৈক্য সবসময় হয়।

তোমরা নিজেদের মধ্যে যোগাযোগ আরও একটু বৃদ্ধি করে, সুন্দর করে, ভাল করে কাজ করো। একইসঙ্গে স্বাস্থ্য দফতরের বদনাম রুখতে আধিকারিকদের আরও উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।