কক্সবাজারে বায়ুসেনা-স্থানীয়দের তুমুল সংঘর্ষ, নিহত ১ 

0
119
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
বাংলাদেশের কক্সবাজারে বায়ুসেনার সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষে গুলিতে নিহত হয়েছে ১ জন। বায়ুসেনার জবরদখল জমি উচ্ছেদ করতে গেলে স্থানীয়দের সঙ্গে কার্যত ধুন্ধুমার বেধে যায় বায়ুসেনার আধিকারিকদের। স্থানীয়দের তরফে বায়ুসেনাকে লক্ষ্য করে ইটবৃষ্টির অভিযোগ ওঠে , পাল্টা গুলি ছোঁড়ার অভিযোগ উঠেছে বায়ুসেনার বিরুদ্ধে। ঢাকায় সেনাবাহিনীর সদর দফতর থেকে আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ জানিয়েছে, কক্সবাজারের সময় পাড়ায় বিমান বাহিনীর ঘাঁটি আক্রমণ করেছে দুষ্কৃতীরা।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, নিহত যুবকের নাম শিহাব।  তিনি কক্সবাজার পুরসভার এক নম্বর ওয়ার্ডের সমিতিপাড়ার নাছির উদ্দিনের ছেলে বলে জানিয়েছেন কক্সবাজার সদর হাসপাতাল পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম। দুপক্ষের বহু মানুষ গুলিবিদ্ধ হয়েছে। এদিকে, বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক। পুলিশ-সহ নিরাপত্তা বাহিনীগুলিকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। ব্যর্থ হলে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। গভীর রাতে সাংবাদিক বৈঠক করে এমনই বার্তা দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফট্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। উল্লেখযোগ্যভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা যখন সাংবাদিক বৈঠক ডেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে তাঁর পদক্ষেপের কথা বলছেন তখন ঢাকা বিশ্ববিদ্যাল চত্ত্বরে শিক্ষার্থীরা তাঁর পদত্যাগের দাবিতে অবস্থান-বিক্ষোভ চালিয়েছে।
বাংলাদেশের আইন-শৃঙ্খলার পরিস্থিতির আরও অবনতি হয়েছে গত এক-দেড় মাসে। ঢাকার মতো শহরে দিনে-দুপুরে চুরি-ছিনতাই-ডাকাতি হচ্ছে। তিন চারদিন আগে ঢাকায় এক দম্পতিকে প্রকাশ্যে রাম দাঁ দিয়ে কোপানো হয়। এক স্বর্ণ ব্যবসায়ীর উপর হামলা হয়। তাঁর কাছ থেকে কুড়ি ভরি সোনা ছিনিয়ে নেয় ডাকাতরা। দেশের অন্যত্রও একই পরিস্থিতি। দিন দশ আগে চলন্ত বাসে ডাকাতি এবং দুই মহিলাকে ধর্ষণের ঘটনাও ঘটেছে।