
আমেরিকার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা-র ১ হাজার ৬০০ জন কর্মীকে বরখাস্ত করেছে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। পাশাপাশি, আমেরিকার বাইরে কর্মরত এই সংস্থার আরও বেশ কয়েক জন কর্মীকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে। সংবাদ সংস্থা সূত্রে খবর, ইউএসএইড-র এক কর্মীকে পাঠানো ইমেলে বলা হয়েছে, দুঃখের সঙ্গে জানানো হচ্ছে, কর্মী সংখ্যা কমাতে বরখাস্ত করা হচ্ছে।
ইমেলটিতে আরও বলা হয়েছে, যাঁরা যাঁরা ওই ইমেল পেয়েছেন, ২৪ ফেব্রুয়ারি থেকে তাঁদের সকলকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে। তবে সংস্থার শীর্ষস্থানীয় নেতাকর্মীদের এখনও কাজ থেকে ছাঁটাই করা হয়নি। ২০ জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণের পরেই ৯০ দিনের জন্য বৈদেশিক সাহায্য বন্ধের নির্দেশ দেন ডোনাল্ড ট্রাম্প।
