
আমেরিকার পরে এবার কানাডায় ওয়ার্ক ভিসা নিয়ে কাজ করতে যাওয়া ভারতীয় কর্মী এবং সে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে পড়তে যাওয়া পড়ুয়ারা বড় সমস্যার মুখে পড়তে চলেছেন। বিদেশ মন্ত্রকের হিসাব বলছে বর্তমানে কানাডায় ভারতীয় পড়ুয়ার সংখ্যা প্রায় ৪ লক্ষ ২৭ হাজার! কানাডা সরকার ৩১ জানুয়ারি অভিবাসন নীতিতে বড় পরিবর্তন এনেছে। এর অন্যতম হল সীমান্ত আধিকারিকদের অস্থায়ী আবাসিক ভিসা বাতিলের ক্ষমতা দেওয়ার সিদ্ধান্ত।
২০২৩ সালে কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় খুন হয়েছিলেন খলিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জর। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো প্রকাশ্যে অভিযোগ করেন, এই খুনের পিছনে নয়াদিল্লির হাত রয়েছে। ভারত সরকার এই অভিযোগ অস্বীকার করলেও সে দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তাঁর বক্তব্যে অনড় ছিলেন। এর পর থেকেই দু’দেশের সম্পর্কে চিড় ধরে।



