
ভিআইপি-র গাড়িদের জন্য রাস্তা ছাড় নয়, সিগন্যালে দাঁড়াতে হবে আমজনতার সঙ্গে। ডাক্তারদের একটি অনুষ্ঠানে স্পষ্ট ভাষায় একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঞ্চে উপস্থিত ডিজি রাজীব কুমার, কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা, মুখ্যসচিব মনোজ পন্থ, স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমদের উপস্থিতিতে মুখ্যমন্ত্রীর সাফ কথা, ভিআইপি ব্যস্ততার অজুহাতকে সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলা যাবে না। এ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের উদাহরণও টেনে আনেন। বলেছেন, খেয়াল করবেন, তিনি কিন্তু অনেক সময় ট্রাফিক জ্যামে দাঁড়িয়ে থাকেন। পুলিশকে বারণ করেন, যাতে তাঁর গাড়ির জন্য কোনও গাড়ি যেন না আটকানো হয়। কেন ভিআইপি-র গাড়ি বলে ছাড় নয়, তার ব্যাখ্যাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, ভিআইপি দের দরকারটা দরকার আর সাধারণ মানুষের দরকারটা দরকার নয়? তাঁদেরও তো অনেক ধরনের কাজ থাকে। ২ মিনিট আগে যাবেন বলে কাউকে বিপদে ফেলা ঠিক নয়। বরং, যার তাড়া থাকবে তিনি যেন হাতে সময় নিয়ে রাস্তায় বের হন।
ক্রসিংগুলিতে দুর্ঘটনা যাতে না ঘটে সেদিকে ট্রাফিক পুলিশ কর্মীদের বাড়তি নজরদারির কথাও বলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।







