
শাহরুখ খানের ফ্যানদের কাছে মান্নাত হলো এক আবেগের নাম। শাহরুখের জন্মদিন হোক কিংবা দীপাবলি, এক ঝলক শাহরুখকে দেখার আশার হাজার হাজার ফ্যান ফলোয়ার ভিড় করেন মান্নাত-এর গেটের সামনে। তাছাড়া মুম্বাই গিয়ে একবার শুধু গুরু’র বাড়িটা স্বচক্ষে দেখে আসেননি, এমন উদাহরণ নেই বললেই চলে। শাহরুখ এবং তার বাংলো মান্নাত দু’টোই ফ্যান ফলোয়ারদের কাছে অত্যন্ত আবেগের।
এখন এক রিপোর্টে বলা হচ্ছে, মান্নাত নাকি ছেড়ে দিচ্ছেন শাহরুখ, সপরিবারে বাড়ি পরিবর্তন করছেন। এই খবর প্রকাশ্যে আসতেই ফ্যান ফলোয়াররা এ বিষয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে বেশ আলোচনা করছেন। রিপোর্টে আরও বলা হয়েছে, মান্নাতকে নতুন ভাবে সাজানো হবে। এই কাজ জন্য আপাতত বাড়ি থেকে পালি হিলের বাড়িতে গিয়ে থাকবেন খান পরিবার। বাড়ি সাজানোর কাজ শুরু হবে মে মাস থেকে। তার কয়েক দিন আগেই অবশ্য খানেরা পালি হিলের বাড়িতে চলে যাবেন।
জানা গিয়েছে, বাড়ির কাজ শেষ হতে হতে সময় লাগবে দু’বছর । তাতে মান্নাত আরও একটু বড় হবে। বাড়ির এই কাজের জন্য গত বছর মুম্বাই প্রশাসনের কাছ থেকে অনুমতিও নিয়েছিলেন গৌরী খান। আগামী দু’বছর তাই খান পরিবারের ঠিকানা পালি হিলের চারতলার ফ্ল্যাটটি।এই ফ্ল্যাটের ভাড়া নাকি বছরে ২ কোটি ৯০ লাখ টাকা।
