
ড্রোন উড়িয়ে পুণের সরকারি বাসে তরুণীকে ধর্ষণে অভিযুক্তকে ধরল পুলিশ।মহারাষ্ট্রের শিরুর এলাকায় একটি খামারে লুকিয়ে ছিল অভিযুক্ত। রাতে বাড়িতে খাবার খেতে গিয়েছিল ওই যুবক। গোপন ডেরা থেকে বেরতেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার ভোরে পুণের স্বর্গেট বাসস্ট্যান্ডে একটি ফাঁকা বাসে মহিলাকে ধর্ষণের অভিযোগ ওঠে। এই ঘটনায় অভিযুক্ত-র খোঁজে পুলিশের ১৩টি দল গঠন করা হয়।
অভিযুক্তকে খুঁজতে স্নিফার ডগ, এমনকি বাড়ির কাছে আখখেতে ড্রোনে নজরদারি চালানো হয় । তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে পুণে থেকে পালানোর জন্য এখটি সব্জিবোঝাই ট্রাকে উঠেছিল অভিযুক্ত। সেখান থেকে পালিয়ে নিজের গ্রামে চলে যায়।তারপর প্রমাণ লোপাটের জন্য জামা, জুতো বদলে ফেলে।
মঙ্গলবার ভোরে বাসের জন্য অপেক্ষা করছিলেন নির্যাতিতা।সেই সময় অভিযুক্ত তাঁকে দিদি বলে সম্বোধন করেন। কোন বাসের জন্য অপেক্ষা করছেন জানতেও চান। সবকিছু জানার পর তাঁকে বাসডিপোয় নিয়ে গিয়ে একটি ফাঁকা বাসে ধর্ষণ করে বলে অভিযোগ।
