
প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে। এক-দেড় মাসের মধ্যেই তাঁর বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু হবে। এমনটাই জানিয়েছেন বাংলাদেশের সরকারি আইনজীবী তথা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মহম্মদ তাজুল হোসেন। জানান, ইন্টারপোলের মাধ্যমে হাসিনাকে বাংলাদেশে ফেরানোর চেষ্টা চলছে। ভারতের সঙ্গে এ বিষয়ে বাংলাদেশের যে চুক্তি রয়েছে, তা-ও মনে করিয়ে দেন তিনি।
তাজুল বলেছেন, শেখ হাসিনা-সহ গুরুত্বপূর্ণ কিছু মামলার তদন্ত প্রতিবেদন মার্চ মাসের মধ্যেই হাতে পেয়ে যাওয়া হবে বলে আশা করছেন। যদি আনুষ্ঠানিক ভাবে ওই প্রতিবেদন পেয়ে যাই, এক-দেড় মাসের মধ্যেই বিচারপ্রক্রিয়া শুরু করে দেওয়া হবে। কত দিন ধরে তা চলবে, এখনই বলা সম্ভব নয়। নথির পরিমাণ, সাক্ষীদের বয়ান বিচার করে আদালত সেই সংক্রান্ত সিদ্ধান্ত নেবে। তবে তাদের দিক থেকে যত দ্রুত বিচারপ্রক্রিয়ার কাজ এগোনো যায়, সেই চেষ্টা করা হবে। ট্রাইব্যুনালের বিচার কোনও বিরতি ছাড়াই চলবে।হাসিনার বিচার সংক্রান্ত বিষয়ে তাড়াহুড়ো করছে না বাংলাদেশ, জানান তাজুল।
তবে এ বিষয়ে সাধারণ মানুষের আকাঙ্ক্ষাও যাতে নষ্ট না হয়ে যায়, তা নিশ্চিত করা হবে। তাজুল বলেছেন, ইন্টারপোলের মাধ্যমে হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে। ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি রয়েছে। আওয়ামী লীগ সরকারই তা স্বাক্ষর করেছিল। আশা করছি, এই চুক্তির শর্ত মেনেই ভারত শেখ হাসিনাকে ফিরিয়ে দেবে।
