
আলোচনার জন্য যাদবপুরের উপাচার্য ভাস্কর গুপ্তকে ডেডলাইন বেঁধেছিলেন আন্দোলনকারী ছাত্ররা। অসুস্থ থাকায় আলোচনায় বসতে পারেননি তিনি। এবার ছাত্ররাই হাসপাতালে গিয়ে উপাচার্য ভাস্কর গুপ্ত-র সঙ্গে দেখা করেছেন। গত শনিবার ক্যাম্পাসে ধুন্ধুমার পরিস্থিতিতে জখম হয়েছিলেন এসএফআই নেতা অভিনব বসু। শনিবার দুপুরে আর এন টেগোর হাসপাতালে হুইল চেয়ারে বসে তিনিও উপাচার্য-র সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।
আন্দোলনকারী ছাত্রছাত্রীদের অভিযোগ একসপ্তাহের মধ্যে উপাচার্য নিজের দায়িত্ব পালন করেননি। ক্যাম্পাসের অ্যাডমিনিস্ট্রেটিভ হেড হিসেবেও কোনও ব্যবস্থা নেননি। এতকিছুর পরেও ছাত্রছাত্রীরা শিক্ষকদের প্রতি দায়বদ্ধতা ভুলতে পারে নি। তাই ভিসি স্যারের সঙ্গে দেখা করতে এসেছেন। উপাচার্য -র শারীরিক অবস্থার খোঁজ নিতেই তাঁরা এসেছেন বলে জানিয়েছেন।
এরইমধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকদের সংগঠন জুটার তরফে ছাত্রছাত্রীদের ক্লাসে ফিরতে আবেদন জানানো হয়েছে । পাশাপাশি ছাত্রছাত্রীদের বিরুদ্ধে যে মিথ্যে মামলা দেওযা হয়েছে তাও প্রত্যাহারের দাবি জানানো হয়েছে ।







