
দোলের মুখে ফের উত্তপ্ত মুখ্যমন্ত্রীর কলেজ যোগেশচন্দ্র। গভর্নিং বডির বৈঠকে যোগ দিতে এসে বিক্ষোভের মুখে পড়েন সাংসদ মালা রায়। বুধবার কলেজে পরিচালন সমিতির বৈঠক ছিল।
সেই সময় কলেজে বহিরাগত প্রবেশের অভিযোগ তুলে মালা রায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল ছাত্র পরিষদেরই সদস্যরা। তাঁদের অভিযোগ বহিরাগতরা কলেজে ঢুকছে। অবাধ যাতায়াত করছে। বুধবার কলেজ ক্যাম্পাসে রং খেলা নিয়েই তৃণমূল ছাত্র পরিষদের দুই পক্ষের মধ্যেই বিবাদ শুরু হয়। জোর করে রং মাখানো, গায়ে জল দেওয়া নিয়ে অভিযোগ তোলেন ছাত্রছাত্রীদের একাংশ। রং খেলা নিয়ে ডে কলেজ এবং ল বিভাগের ছাত্রছাত্রীদের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ ওঠে বহিরাগতরা ফের কলেজে ঢুকে জোর করে রং মাখাচ্ছে। পরিস্থিতি উত্তপ্ত হতেই ক্যাম্পাসে ঢোকে পুলিশ। দু’পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। যদিও মালা রায় বলেছেন তিনি বৈঠক করতে এসেছিলেন। কলেজে কে বহিরাগত আর কে নয়, তাঁর পক্ষে বোঝা সম্ভব নয়।
বিষয়টি কলেজ কর্তৃপক্ষ দেখবে। এর আগে সরস্বতীপুজোকে কেন্দ্র করে উত্তাল হয়েছিল যোগেশচন্দ্র চৌধুরি কলেজ। শেষে কলকাতা হাইকোর্টের নির্দেশে কলেজে পুজো হয়। এবার দোলের আগেই কার্যত একই পরিস্থিতি তৈরি হয়েছে।






