
তেইশের পুজোর বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছিল,রক্তবীজ। এবার পঁচিশের পুজোর পর্দায় কাঁপানোর প্রস্তুতি শুরু করলেন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। আসন্ন উৎসবের মরশুমেই মুক্তি পাবে ছবিটির সিক্যুয়েল।
দক্ষিণ কলকাতায় আবির চট্টোপাধ্যায় এবং মিমি চক্রবর্তীকে নিয়ে রক্তবীজ ২-এর শুটিং শুরু করেছেন টলিপাড়ার হিটমেকার পরিচালকদ্বয়। উল্লেখ্য জানুয়ারি মাসেই প্রকাশ্যে এসেছিল রক্তবীজ ২-এর মোশন পোস্টার।জানা গিয়েছে, এই সিনেমার কাস্টিংয়ে বড় চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য। মিমি-আবিরের পাশাপাশি দেখা যাবে নুসরত জাহানকেও। কেবল নুসরতই নন, ছবিটিতে অভিনয় করার কথা বর্ষীয়ান অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় এবং অঙ্কুশ হাজরা, কৌশানি মুখোপাধ্যায়েরও।স্বাভাবিকভাবেই এহেন ডাকসাইটে কাস্টিং ঘিরে প্রত্যাশার পারদ চড়ছে।
সেই মত,দক্ষিণ কলকাতার রাণিকুঠী এলাকার এক বাড়িতে সকাল থেকেই তোড়জোড়। নন্দিতা-শিবপ্রসাদের সেটে হাজির আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তীর পাশাপাশি কাঞ্চন মল্লিক, রাজীব বসু,দেবপ্রিয় মুখোপাধ্যায়রা।এঁদের উপস্থিতিতেই রক্তবীজ ২-এর শুটিং শুরু হয়েছে।
