
আমেরিকায় বেআইনিভাবে ৩৮৮ জন বসবাস করছিলেন। তাঁরা প্রত্যেকেই দেশে ফিরে এসেছেন। এমনটাই দাবি করেছে কেন্দ্র সরকার। তবে দুই থেকে সাত লক্ষ বেআইনি অভিবাসী আমেরিকায় রয়েছেন বলে জল্পনা রটলেও নয়াদিল্লি জানিয়েছে, ভুয়ো কাগজ নিয়ে কিংবা বৈধ নথি ছাড়া কত জন আমেরিকায় থাকছেন, তার কোনও সঠিক তথ্য নেই।
বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংয়ের কথায়, এই অভিবাসীরা বৈধ পদ্ধতিতেই ভারত ছেড়েছিলেন। এর পর হয়তো আমেরিকায় তাঁরা মেয়াদ উত্তীর্ণ নথি অথবা ভুয়ো কাগজ নিয়ে বসবাস করছিলেন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সংসদে আগেই জানিয়েছিলেন, প্রত্যেক দেশেরই উচিত অন্য দেশে থাকা তাদের বেআইনি অভিবাসীদের চিহ্নিত করে ফেরত নিয়ে নেওয়া।
কিন্তু দ্ব্যর্থহীন ভাবে প্রত্যেকের নাগরিকত্বের নথি মিলিয়ে দেখা প্রয়োজন।গত দু’দশক ধরে আমেরিকায় থাকা বেআইনি ভারতীয় অভিবাসীদের গ্রহণ করছে ভারত।
