
২২ বছর বয়সি এক নার্সের মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে কর্নাটকের হাভেরিতে। এই ঘটনায় লাভ জিহাদের অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। ঘটনার তদন্তে নেমে সন্দেহভাজন তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৩ মার্চ নিখোঁজ হন ২২ বছর বয়সি ওই নার্স। এরপর ৬ মার্চ রানেবেন্নুর এলাকার ফতেপুর গ্রামে তুঙ্গভদ্রা নদীতে উদ্ধার হয় তাঁর মৃতদেহ। তদন্তে নেমে এক যুবককে গ্রেফতার করে পুলিশ।
তদন্তকারীদের তরফে জানা যাচ্ছে, অভিযুক্ত-র সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল ওই নার্সের। তাঁকে বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিল অভিযুক্ত। তবে অন্য এক যুবতীর সঙ্গে ওই যুবকের বিয়ে ঠিক হওয়ায় নার্সের সঙ্গে দূরত্ব বাড়ায় অভিযুক্ত।এদিকে পালটা ওই যুবককে হুমকি দেয়ওই নার্স। জানায়, যদি যুবক অন্য কাউকে বিয়ে করে তাহলে তাঁদের সম্পর্কের কথা তাঁর পরিবারের কাছে ফাঁস করে দেবে।
এর পরই ওই নার্সকে খুনের ষড়যন্ত্র করে অভিযুক্ত যুবক। ঘটনার তদন্তে নেমে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় বিজেপি নেতা বাসবরাজ বোম্বাই বলেছেন, রাজ্যে কংগ্রেসের শাসন শুরু হওয়ার পর থেকে লাভ জেহাদের ঘটনা ব্যাপকভাবে বেড়ে গিয়েছে। অপরাধীরা পুলিশকে ভয় করছে না।
