
২৮৬ দিন পর নিরাপদে পৃথিবীতে ফিরেছেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনীতা উইলিয়ামস। স্বাভাবিক ভাবেই মঙ্গলবার সকাল থেকে উচ্ছ্বাস সুনীতার পরিবারে।
ইতিমধ্যে সুনীতাকে ভারতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সেই আবহেই সুনীতার পরিবার জানাল, শীঘ্রই ভারতে আসবেন তিনি। মহাকাশ-কন্যাকে অভ্যর্থনা জানাতে শিঙাড়া পার্টি’রও আয়োজন করা হবে।মঙ্গলবার সকালেই সুনীতার পরিবার জানিয়েছে, মেয়ে নিরাপদে ফেরায় তারা খুশি।মহাকাশযানে প্রযুক্তিগত ত্রুটির কারণে অপ্রত্যাশিত ভাবে দীর্ঘ ন’মাস মহাকাশে থাকার পর নিরাপদে পৃথিবীতে ফিরেছেন সুনীতা উইলিয়ামস। ঘরের মেয়ে’র ফেরা নিয়ে উচ্ছ্বসিত ভারতবাসীও। ক্রু ড্রাগন মাটি ছুঁতেই আনন্দের জোয়ারে ভেসেছে গুজরাতের মেহসানা জেলার ঝুলাসন গ্রাম। আতশবাজি ফাটিয়ে, নেচে, গেয়ে সেই মাহেন্দ্রক্ষণ উদ্যাপন করা শুরু করে দিয়েছেন গ্রামবাসী।সুনীতার ভ্রাতৃবধূ ফাল্গুনী পাণ্ড্যর কথায়, এখনও বিশ্বাস হচ্ছে না। সুনীতার নামার মুহূর্তটি যেন অবাস্তব। ফাল্গুনীই জানিয়েছেন, শীঘ্রই ভারত সফরে আসবেন সুনীতা। সুনীতা উইলিয়ামসর বাবা দীপক পাণ্ড্যের জন্ম ভারতের গুজরাতে। এ দেশের সঙ্গে তার নাড়ির যোগ রয়েছে। ফাল্গুনী আরও জানিয়েছেন, সেরে ওঠার পর আপাতত পরিবারের সঙ্গেই সময় কাটাবেন তিনি। ইতিমধ্যে একসঙ্গে ছুটি কাটাতে যাওয়ারও পরিকল্পনা করেছেন তাঁরা।
প্রসঙ্গত, সুনীতাই প্রথম নভশ্চর, যিনি মহাকাশ স্টেশনে শিঙাড়া খেয়েছেন। তাই ভারতে ফিরলে তাঁর জন্য একটি শিঙাড়া পার্টি’র আয়োজন করারও পরিকল্পনা সেরে ফেলেছেন পরিজনেরা।
