
দীর্ঘ জটিলতা শেষে পানিহাটি পুরসভার নতুন পুরপ্রধান হয়েছেন সোমনাথ দে। অমরাবতীর মাঠ বিক্রি বিতর্কের অভিযোগে চেয়ারম্যানের পদ হারিয়েছেন প্রাক্তন চেয়ারম্যান মলয় রায়। নিয়ম মেনে ২১ মার্চ ফের বোর্ড অফ কাউন্সিলরের বৈঠক ডেকেছিলেন ভাইস চেয়ারম্যান সুভাষ চক্রবর্তী।
বৈঠকে প্রাক্তন পুরপ্রধান মলয় রায় বাদে বাকি সব কাউন্সিলরই ছিলেন। সর্বসম্মতিক্রমে পানিহাটি পুরসভার পুরপ্রধানের দায়িত্ব পেয়েছেন সোমনাথ দে। দায়িত্ব পেয়েই অমরাবতী মাঠ প্রসঙ্গে সোমনাথ দে বলেছেন, সরকার-দল যা চাইবে তাই-ই হবে। পাশাপাশি বুঝিয়ে দিয়েছেন বিরোধীদের নিয়ে বিন্দুমাত্রও চিন্তিত নন তিনি।
নাগরিক পরিষেবা নিয়ে একাধিক অভিযোগের পাশাপাশি সোদপুরের ফুসফুস অমরাবতী মাঠে আবাসন তৈরির চক্রান্তের অভিযোগ সামনে আসতেই প্রাক্তন চেয়ারম্যান মলয় রায় কোণঠাসা হয়ে যান। একপর্যায়ে গোটা ঘটনায় হস্তক্ষেপ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই মুখ্যমন্ত্রীর নির্দেশে মলয় রায় পদত্যাগ করেন।




