
তাঁর ছবি না কি ইচ্ছাকৃত ভাবে বিকৃতভাবে অাঁকা হয়েছে । আর তাই ঝুলছে কলোরাডো স্টেট ক্যাপিটলে। রবিবার নিজের একটি প্রতিকৃতি নিয়ে এমনই অভিযোগ তুলেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি, ওই ছবিটি টাঙিয়ে রাখার জন্য ডেমোক্র্যাট গভর্নর জ্যারেড পলিসকেও আক্রমণ করেছেন ট্রাম্প। যদিও ছবিটির সঙ্গে তাঁর কোনও যোগসূত্র নেই। বরং ওই ছবিটি রিপাবলিকান স্টেট সেনেটর কেভিন গ্রান্থামের উদ্যোগে অাঁকা হয়েছিল ২০১৯ সালে।
গভর্নর পলিসকে দ্রুত ছবিটি সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। পলিসের পাশাপাশি শিল্পী সারা বোর্ডম্যানকেও আক্রমণ শানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর উদ্দেশ্যে ট্রাম্প বলেছেন, উনি তো প্রেসিডেন্ট ওবামার ছবিও এঁকেছিলেন। সেই ছবিটি অসাধারণ, অথচ তাঁর ছবিটা সবচেয়ে খারাপ। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে উনি নিশ্চয়ই তাঁর প্রতিভা হারিয়ে ফেলেছেন।





