
থানার আইসিকে মঞ্চে বসিয়ে রাজ্যে বিজেপিকে হঠানোর ডাক দিয়েছে তৃণমূল। নদিয়ার চাপড়া থানার ঘটনা। ছবি ভাইরাল হতেই শোরগোল রাজ্য রাজনীতিতে।
স্থানীয় সূত্রে খবর, চাপড়ার তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্যোগে বিভিন্ন অঞ্চলে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।অভিযোগ বস্ত্র বিতরণের আড়ালে রাজনৈতিক কর্মসূচি নিয়েছিল তৃণমূল কংগ্রেস কর্মীরা। কয়েকদিন ধরে চলা তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মসূচিতে সাদা পোশাকে উপস্থিত ছিলেন চাপড়া থানার আইসি অনিন্দ্য মুখার্জি। আরও একধাপ এগিয়ে পুলিশের পোশাক পরেই সেই কর্মসূচিতে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল চাপড়া থানার বড় আন্দুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৃজিব সিনহাকে। গত রবিবার চাপড়ার হৃদয়পুর অঞ্চলের এই কর্মসূচিতে চাপড়া থানার আইসিকে পাশে বসিয়েই সভা মঞ্চ থেকে বিজেপিকে হটানোর ডাক দেন তৃণমূল নেতা। এর পাশাপাশি গত শনিবার চাপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের উদ্যোগে আয়োজিত ইফতার পার্টিতে তৃণমূলের দলীয় উত্তরীয় গলায় পড়েই উপস্থিত ছিলেন চাপড়া থানার আইসি। সোশ্যাল মিডিয়ায় এই ছবি ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।
বিজেপির দাবি পুলিশ যে তৃণমূলের দলদাস তা আবারও প্রমাণিত হলো। যদিও এ বিষয়ে সাফাই দিয়েছে তৃণমূল। তাদের দাবি সামাজিক অনুষ্ঠানে পুলিশ উপস্থিত থাকতেই পারে।








