
পানিহাটি পুরসভার চেয়ারম্যান পদে বদলের আবহে ২৪ ঘণ্টার মধ্যে একই ফোন নম্বর থেকে তিনজন কাউন্সিলরকে ফোন করে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। তালিকায় রয়েছেন সম্রাট চক্রবর্তী, তাপস দে এবং পানিহাটি পৌরসভার উপ-পুরপ্রধান সুভাষ চক্রবর্তী।
ইতিমধ্যেই ওই তিন কাউন্সিলর ঘটনা প্রসঙ্গে খড়দহ থানায় অভিযোগ দায়ের করেছেন। তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ। পরপর তিন কাউন্সিলরকে ফোনের সূত্র কোথায়, খোঁজ চলছে। অনেকদিন ধরেই পানিহাটির ফুসফুস অমরাবতী মাঠকে ঘিরে চাপান উতোর চলছে রাজনৈতিক দলগুলির মধ্যে। যা নিয়ে বিস্তর জলঘোলাও হয়েছে। মাঠ বিক্রি করে বহুতল নির্মাণের খবর ছড়িয়ে পড়লে আন্দোলনে নামেন স্থানীয় বাসিন্দারা। মুখ্যমন্ত্রী-সহ সরকারের বিভিন্ন দফতরে চিঠিও পাঠানো হয়।
অভিযোগ ওঠে মলয় রায়ের বিরুদ্ধেই। যে কারণে ইতিমধ্যে সেখানকার পুরসভার চেয়ারম্যান পদে বদল হয়েছে, নতুন চেয়ারম্যান সোমনাথ দে।




