
আমেরিকার বস্টনে কোয়ান্টাম কম্পিউটিং ল্যাব খোলার পরিকল্পনা করছে এনভিডিয়া । এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং বলেছেন,কোয়ান্টাম কম্পিউটিং ল্যাব খোলার জন্য হার্ভার্ড ইউনিভার্সিটি এবং ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি বা এমআইটি’র বিজ্ঞানীদের সঙ্গে সহযোগিতা করার পরিকল্পনা করছে মার্কিন চিপ জায়ান্টটি।ক্যালিফোর্নিয়ার সান হোসেতে কোম্পানিটির বার্ষিক সফটওয়্যার ডেভেলপার সম্মেলনে এই ঘোষণা করেছেন হুয়াং।
কোয়ান্টাম কম্পিউটিংকে কেন্দ্র করেই এ ইভেন্টের আয়োজন করেছিল এনভিডিয়া।এদিকে,কোয়ান্টাম কম্পিউটিং এমন ধরনের হিসাব করতে পারে, যা বর্তমানে বাজারে পাওয়া বিভিন্ন প্রচলিত কম্পিউটারের করতে লাখ লাখ বছর সময় নেবে। পাশাপাশি চিকিৎসা, রসায়ন ও অন্যান্য ক্ষেত্রে বিভিন্ন উদ্ভাবনের পথ উন্মোচন করবে এই কম্পিউটার।এমন অনেক গুরুত্বপূর্ণ সমস্যা রয়েছে, যা প্রচলিত কম্পিউটার সমাধান করতে পারে না। সেসব সমস্যার সমাধান মিলতে পারে বিভিন্ন কোয়ান্টাম মেশিনে, যা নতুন ওষুধ তৈরিতে বা আরও ভাল ব্যাটারি ডিজাইন করে নতুন উদ্ভাবনের দুয়ার খুলে দেবে।
বর্তমানে এসব সমস্যা সমাধানে যথেষ্ট শক্তিশালী কোয়ান্টাম কম্পিউটার তৈরির জন্য কয়েকশ কোটি ডলারের বিনিয়োগ করছে সিলিকন ভ্যালির টেক জায়ান্টটি’সহ বেশ কয়েকটি প্রযুক্তি কোম্পানি, যার মধ্যে এগিয়ে আছে মাইক্রোসফট। অন্যদিকে,এ বছরের শুরুতে মাজোরানা ওয়ান নামের নতুন এক চিপ তৈরি করেছে মার্কিন এই সফটওয়্যার জায়ান্টটি, যার মাধ্যমে কোয়ান্টাম কম্পিউটিংয়ে আরও এক ধাপ এগিয়ে গেছে কোম্পানিটি।






