
একই দিনে তিনটি হিট সিনেমার ঘোষণা বলিউডে। অক্ষয় কুমারের কেশরী টু , অজয় দেবগনের রেইড টু এবং ইমরান হাশমির আওয়ারাপানের সিক্যুয়াল। বলিউডপ্রেমী দর্শকদের জন্য দারুণ তিন সুখবর। এর মধ্যে কেশরী টু সিনেমার, দ্য আনটোল্ড স্টোরি অব জালিয়ানওয়ালা বাগ-এর টিজার প্রকাশিত হয়েছে।
যেখানে প্রধান চরিত্রে অক্ষয় কুমারকে দেখা যাচ্ছে।করণ সিং ত্যাগীর পরিচালনায় সিনেমাটি তুলে ধরবে ১৯১৯ সালের এপ্রিল মাসে ঘটে যাওয়া মর্মান্তিক জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের পরবর্তী ঘটনা।এক মিনিট ঊনচল্লিশ সেকেন্ডের এই টিজারের শুরুতেই এক ব্যতিক্রমী ৩০ সেকেন্ডের উপস্থাপন রয়েছে যেখানে কোনো ভিজ্যুয়াল নেই,নেই কোনো লোগো বা শিরোনাম। বরং,এটি শুধুমাত্র শব্দের মাধ্যমে দর্শকদের সেই ভয়াবহ হত্যাযজ্ঞের বিভীষিকাময় পরিবেশে ডুবিয়ে রাখে।এরপর আসে ভিজ্যুয়াল।ব্যতিক্রমধর্মী টিজারটি প্রকাশের পরপরই দারুণ সাড়া ফেলেছে। উল্লেখ্য,২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত কেশরী বক্স অফিসে সুপারহিট হয়।এবার একই নামে ভিন্ন গল্প নিয়ে আসছেন অক্ষয় কুমার।এদিকে,অক্ষয়ের টিজারের দিন নিজের হিট সিনেমা রেইড-এর সিক্যুয়ালের পোস্টার শেয়ার করেছেন অজয় দেবগন। উল্লেখ্য রেইড বক্স অফিসে ছিল দারুণ সফল। অজয় দেবগন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে রেইড টু-এর মুক্তির তারিখ ঘোষণা করেছেন, যা আরও অ্যাকশন ও সাসপেন্স নিয়ে আসার ইঙ্গিত দিচ্ছে। অজয় দেবগন সিনেমাটির একটি পোস্টার শেয়ার করে লিখেছেন, নতুন শহর, নতুন ফাইল, আর আময় পট্টনায়েকের এক নতুন রেইড। রেইড টু আসছে প্রেক্ষাগৃহে ২০২৫ সালের ১লা মে।অন্যদিকে ইমরান হাশমির হিট সিনেমা আওয়ারাপান-এর সিক্যুয়াল নিয়েও বেশ কিছুদিন ধরেই কানাঘুষো চলছিল।তবে এবার গুঞ্জনকে সত্য প্রমাণ করে দিয়ে অফিসিয়াল ঘোষণা দিয়েই দিয়েছেন অভিনেতা। নিজের ফেসবুক আইডি থেকে ইমরান হাশমি আওয়ারাপান টু -এর ফার্স্ট লুক টিজার শেয়ার করেছেন। টিজারে ইমরানের আইকনিক চরিত্রকে একটি নৌকায় দাঁড়িয়ে শহরের স্কাইলাইনের পেছনে সূর্যাস্তের দিকে তাকিয়ে থাকতে দেখা গিয়েছে।
এছাড়া, একটি খাঁচা থেকে পাখিকে মুক্ত করে দেওয়ার দৃশ্যও রয়েছে,যেখানে ইমরান বলছেন, অন্যের জন্য প্রাণ উৎসর্গ করাই আমার ভাগ্য।টিজারের শেষে লেখা রয়েছে, আওয়ারাপান টু,যাত্রা অব্যাহত।







