
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য-র পদত্যাগের দাবিতে বুধবার সকাল থেকে ক্যাম্পাসের গেটের বাইরে বিক্ষোভ দেখিয়েছেন পড়ুয়াদের একাংশ। গত দুদিন ধরে ক্যাম্পাসে তুমুল উত্তেজনা চলছে।
উপাচার্যের ঘরের বাইরেও প্রতিবাদ দেখান পড়ুয়াদের একাংশ। এমনকী তাঁর ঘরের দরজায় তালাও মেরে দেওয়া হয়। পড়ুয়াদের অভিযোগ, অস্থায়ী উপাচার্যের তুঘলকি আচরণের জেরে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। ক্ষুণ্ণ হচ্ছে মর্যাদা। তাই অবিলম্বে তাঁকে সরিয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ করতে হবে। কিন্তু এখনও পর্যন্ত এমন কোনও সিদ্ধান্ত না হওয়ায় প্রতিবাদের আঁচ আরও বাড়াচ্ছেন পড়ুয়ারা। এদিকে কলকাতা হাইকোর্টের নির্দেশ থাকায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী।
মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ওই মামলায় আদালতের স্পষ্ট নির্দেশ, অন্তর্বর্তীকালীন উপাচার্য এবং রেজিস্ট্রারকে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দিতে হবে।
