
মাকে খুন করে সঙ্গে সঙ্গে ৯ লাখ ট্রান্সফার করেছিল অভিযুক্ত ছেলে! বাঘাযতীনে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষিকা মালবিকা মৈত্রর মৃত্যু ঘিরে এমনই ভয়ঙ্কর তথ্য প্রকাশ্যে এসেছে। বুধবার দুপুরে পাটুলি থানা এলাকার পুলিশ সূত্রে খবর, মৃত মালবিকা মৈত্রর অ্যাকাউন্ট থেকে সোমবার সাড়ে ৯ লক্ষ টাকা ট্রান্সফার হয়েছিল ছেলের অ্যাকাউন্টে।
ছেলের অ্যাকাউন্টে এখন ১৯ লক্ষ টাকা আছে। দেখা যাচ্ছে, মাঝেমধ্যেই মায়ের অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার হয়েছে ছেলের অ্যাকাউন্টে। ঘটনার পর থেকেই বেপাত্তা গুণধর। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঠিক কী ঘটেছিল? আদতে কেন এই নৃশংসতা? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ৭২ বছরের মালবিকা মৈত্র দক্ষিণ কলকাতার একটি নামী স্কুলের প্রাক্তন শিক্ষিকা। তাঁর ছেলে বেসরকারি ব্যাঙ্কের কর্মী। কিছুদিন আগে অস্ত্রোপচার হওয়ায় শয্যাশায়ী হয়ে পড়েন বৃদ্ধা। বুধবার বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনির ভাড়ার ফ্ল্যাটে তাঁর আধপোড়া দেহ মেলে। মুখে বালিশ চাপা দেওয়া ছিল।
এদিকে, তথ্যপ্রমাণ যাতে ঘেঁটে না যায়, তার জন্য এলাকাটি ঘিরে রাখা হয়েছে । ঘরের বাইরে বসানো হয়েছে পুলিশ পিকেট । ঘটনার তদন্তে এলাকার বাসিন্দাদের সঙ্গে পুলিশ কথা বলে গোটা বিষয়টি বোঝার চেষ্টা করছে ।
