
ওয়েস্টমিনস্টার অ্যাবে,লন্ডনের ওয়েস্টমিনস্টার শহরের এক ঐতিহাসিক অ্যাংলিকান চার্চ। যেখানে আয়োজিত হয়েছিল বার্ষিক কমনওয়েলথ দিবস উদযাপন। উপস্থিত রাজা চার্লস ও রানি ক্যামিলা। আর সেখানেই বেজে উঠেছে ধুম মাচা লে’র সুর। শ্রীমুক্তজীবন স্বামীবাপা পাইপ ব্যান্ডের পারফরম্যান্সে এই হিট বলিউডি গানের সুর শোনা গিয়েছে ঐতিহ্যমণ্ডিত ওই অনুষ্ঠানে। সপ্তাহদুয়েক আগের অনুষ্ঠানটিতে এমনই গান বেজে ওঠার কথা জানা গিয়েছে সম্প্রতি।
দুই সপ্তাহ আগে এই অনুষ্ঠান হলেও তা প্রথমে কারও নজরে আসেনি। কিন্তু শ্রীমুক্তজীবন স্বামীবাপা পাইপ ব্যান্ড ইনস্টাগ্রামে সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে শোনা গিয়েছে, চার্লস-ক্যামিলাকে স্বাগত জানাতে বাজানো হচ্ছে যশরাজ ফিল্মসের ওই জনপ্রিয় ছবির সুপারহিট গানের সুর! ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি।ইনস্টাগ্রামে ভিডিওটি দেখেও বহু নেটিজেনই বিশ্বাস করতে পারছিলেন না এটা হতে পারে।
অনেকে সন্দেহ প্রকাশ করেন ভিডিওটির সত্যতা নিয়েও। কিন্তু পরে বিবিসি যে ভিডিও প্রকাশ করে তাতেও দেখা গিয়েছে চার্লস-ক্যামিলাকে অভ্যর্থনা জানাতে ধুম মাচা লে বাজানো হচ্ছে।অনেকেই ভিডিওটি দেখে নানা রসিকতায় মেতেছেন।







