আর জি করে গণধর্ষণ হয়নি, কোর্টে সিবিআই 

0
130
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসক-র গণধর্ষণ হয়নি। এক জনই তাঁকে ধর্ষণ করেছে।
শুক্রবার কলকাতা হাইকোর্টে এমনটাই জানিয়েছে সিবিআই। কিসের ভিত্তিতে তারা এ কথা বলছে, তা-ও আদালতে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিচারপতির প্রশ্নের জবাবে তারা জানিয়েছে, ফরেন্সিক পরীক্ষা করা হয়েছে। ফরেন্সিক বিশেষজ্ঞদের মতামতও নেওয়া হয়েছে। সব দিক খতিয়ে দেখা হয়েছে। আর জি কর মামলায় সিবিআইয়ের থেকে কলকাতা পুলিশের কেস ডায়েরি চেয়েছে কলকাতা হাইকোর্ট। দু’সপ্তাহ পরে হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। এদিকে,আর জি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং হত‍্যা মামলায় শিয়ালদহ আদালতে তিন পাতার স্টেটাস রিপোর্ট দিয়েছে সিবিআই। সূত্রের খবর, তদন্তকারীদের নজরে রয়েছে তিন জনের কল ডিটেলস। আরও বেশ কয়েক জনের বয়ান রেকর্ড করা হয়েছে। সে সবই রিপোর্ট জানানো হয়েছে বলে খবর। নির্যাতিতার বাবা জানিয়েছেন, সিবিআই যে নতুন করে তদন্ত করছে, তার প্রমাণ আদালতে তারা পেশ করেছে। তবে তাঁরা আরও দ্রুত তদন্তের ফল জানতে চান। যদিও বিচারক তাঁদের ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন। আর জি কর-কাণ্ডে ধৃত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে নতুন তথ‍্য প্রমাণ পেলে তা আদালতে জানানো হবে বলেও জানিয়েছে সিবিআই। নির্যাতিততার পরিবারের আইনজীবী জানিয়েছেন, তদন্তের নামে দীর্ঘসূত্রিতা চলবে না।
ধৃত সন্দীপ এবং অভিজিৎকে আদালতে হাজির করার কথা বলা হলেও তাঁরা হাজির হচ্ছেন না। ২৮ এপ্রিল সিবিআইকে পরবর্তী স্টেটাস রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।