
চোখের সামনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে বহুতল, ব্রিজ, ফাটল ধরেছে রাস্তায়। মাত্র ৭ মিনিটের ব্যবধানে জোড়া ভূমিকম্পে কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে মায়ানমার। রেহাই পায় নি মায়ানমারের প্রতিবেশী থাইল্যান্ডও।ভূমিকম্পের জেরে বিরাট ক্ষয়ক্ষতি হয়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককেও।
এই বিপর্যয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।সমস্তরকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে ভারতের তরফে। এদিকে মায়ানমারের এই ভূমিকম্পের প্রভাব পড়েছে ভারতেও উত্তর-পূর্ব ভারতের পাশাপাশি কলকাতা-সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভূমিকম্প অনুভব করা গিয়েছে। বিপর্যয়ের পর উদ্বেগ প্রকাশ করে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন,মায়ানমার এবং থাইল্যান্ডের ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। সকলের নিরাপত্তা এবং সুস্থতা প্রার্থনা করছেন। সম্ভাব্য সমস্ত রকম সহায়তা প্রদানের জন্য প্রস্তুত ভারত। সংশ্লিষ্ট সকল দপ্তরকে সাহায্যের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। এছাড়াও, বিদেশমন্ত্রককে মায়ানমার এবং থাইল্যান্ড সরকারের সাথে যোগাযোগ রাখতে বলা হয়েছে।
আর শুক্রবার সকালে ভূমিকম্পের জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রচুর ছবি এসেছে। যেখানে স্পষ্ট ,ভূমিকম্পের এপি সেন্টার থেকে হাজার মাইল দূরেও তার প্রভাব এসে পড়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়।
