আদালতের কাঠগড়ায় আনচেলত্তি, হতে পারে জেল

0
126
ছবি সৌজন্যে : এক্স

কর ফাঁকির মামলায় বিচারের মুখোমুখি রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি। বুধবার মাদ্রিদের এক আদালতে শুরু হবে বিচার প্রক্রিয়া।স্পেনের কর কর্তৃপক্ষের কাছে প্রকৃত আয়ের পরিমাণ ঘোষণা না করায় আনচেলত্তির বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। স্প্যানিশ প্রসিকিউটররা আনচেলত্তির চার বছর ন’ মাসের কারাদণ্ড চেয়ে আবেদন করেছেন। ৬৫ বছর বয়সী আনচেলত্তির বিপক্ষে অভিযোগ, ২০১৪ এবং ২০১৫ সালের আয়কর রিটার্নে ছবিস্বত্ব অর্থাৎ ইমেজ রাইটস থেকে পাওয়া আয়ের কোনো তথ্য দেননি তিনি।

যার কারণে স্পেনের রাজস্ব বিভাগ ১০ লাখের বেশি ইউরোর রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। ধারণা করা হচ্ছে, ৩ এপ্রিলের শুনানি দু’ দিন ধরে চলবে। আদালতের মুখপাত্র জানিয়েছেন, আনচেলত্তিকে শুনানিতে উপস্থিত থাকতে হবে। প্রসিকিউটরদের দাবি, আনচেলত্তি স্পেনে বসবাসের সময় শুধু রিয়াল মাদ্রিদ থেকে প্রাপ্ত বেতনকে নিজের আয় ঘোষণা করেছিলেন এবং মাদ্রিদকেই অফিসিয়াল ঠিকানা হিসেবে উল্লেখ করেছিলেন।

কিন্তু জটিল শেল কোম্পানির নেটওয়ার্ক ব্যবহার করে চিত্রস্বত্ব ও অন্যান্য উৎস,যেমন, রিয়েল এস্টেট থেকে প্রাপ্ত অতিরিক্ত আয় গোপন করেছেন।প্রসিকিউশনের মতে, আনচেলত্তি ২০১৪ সালে চিত্রস্বত্ব বিক্রি থেকে ১.২৪ মিলিয়ন ইউরো এবং ২০১৫ সালে ২.৯৬ মিলিয়ন ইউরো আয় করেছিলেন। ২০২৩ সালে একটি স্প্যানিশ আদালত বিচার শুরু করার আদেশ দিলেও তারিখ তখনো নির্ধারিত হয়নি।