
জঞ্জাল ফেলার জন্য কলকাতার ধাপার মাঠের ব্যবস্থা হয়েছে ঠিকই। কিন্তু কিছুতেই জঞ্জাল-যন্ত্রণা থেকে মুক্তি পাচ্ছেন না হাওড়াবাসী।
জায়গায় জায়গায় অলিগলিতে ভ্যাট উপচে পড়ছে। রাস্তাতেই জমছে আবর্জনার স্তূপ। দুর্গন্ধেও টেকা দায় হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে পুর এলাকার বাসিন্দাদের দাবি, অবিলম্বে শহরকে আবর্জনামুক্ত করতে হবে।হাওড়ার পুর প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী অবশ্য আশ্বস্ত করেছেন, আগামী সোমবারের মধ্যেই হাওড়ার রাস্তাঘাটে যে জঞ্জাল জমে রয়েছে, তা সরিয়ে ফেলা হবে। পুরপ্রশাসকের বক্তব্য, হাওড়া পুর এলাকা থেকে জঞ্জাল সংগ্রহ করে ধাপায় ফেলে আসার জন্য যে ডাম্পার রয়েছে, সেগুলির সব ক’টিকে কাজে লাগানো যাচ্ছিল না। পুরনো ডাম্পারগুলি দ্বিতীয় হুগলি সেতুতে উঠতে পারছে না। এই পরিস্থিতিতে বাইরে থেকে ১৫টি ডাম্পার নিয়ে আসা হচ্ছে। সেগুলি দিনরাত কাজ করে শহরের রাস্তায় জমে থাকা জঞ্জাল সাফ করবে।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, এখন প্রতি দিন গড়ে ৩০টি ডাম্পার আবর্জনা তুলে ধাপায় ফেলে আসছে। আগে হাওড়ায় মোট ৬০টি ডাম্পার ও লরি বেলগাছিয়া ভাগাড়ে আবর্জনা ফেলত।






