
মায়ানমারের নীচে ভারতীয় ও ইউরেশীয় পাতের সংঘর্ষের ফলে প্রায় ৩৩৪ টি পরমাণু বোমার সমান শক্তি নির্গত হয়েছে । তার ফলেই হয়েছে ভূমিকম্প। চাঞ্চল্যকর এই তথ্য দিয়েছেন মার্কিন ভূবিজ্ঞানী জেস ফিনিক্স। তাঁর আরও দাবি, আফটারশক চলতে পারে কয়েক মাস পর্যন্ত । শুক্রবার রিখটার স্কেলে মায়ানমারের কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক সাত। তার কয়েক মিনিটের মধ্যে ছয় দশমিক সাত মাত্রার আফটারশক হয় ।
এই জোড়া কম্পনেই কার্যত তছনছ হয়ে যায় মায়ানমার। তার পরেই দশঘন্টা ১৪ টি আফটারশক-এ কেঁপেছে মায়ানমার। ইতিমধ্যে মায়ানমারের ভূমিকম্পে মৃতের সংখ্যা প্রায় ১৭০০ ছুঁইছুঁই। আমেরিকার জিওলজিক্যাল সার্ভের অনুমান মায়ানমারে মৃতের সংখ্যা ১০ হাজারের গণ্ডি ছাড়িয়ে যেতে পারে।
মায়ানমারের বিস্তীর্ণ অংশ সামরিক জুন্টা-বিরোধীদের নিয়ন্ত্রণে রয়েছে। সেই সমস্ত এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয় । জুন্টা বিরোধী পিডিএফ জানিয়েছে , উদ্ধারকাজে গতি আনার জন্য শনিবার থেকে দু সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর করা হবে।




