
শহরজুড়ে আবর্জনা সাফাই না হওয়ায় পুরসভার গাড়ি আটকে বিক্ষোভ দেখিয়েছে হাওড়ার চ্যাটার্জিহাট-র বাসিন্দারা। রবিবার সকাল থেকেই স্থানীয় বাসিন্দারা শরৎ চ্যাটার্জি রোড অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েছেন।
তাঁদের অভিযোগ, বিগত পাঁচদিন ধরে ময়লা পরিস্কার হয়নি। ভ্যাট উপছে রাস্তায় জমে রয়েছে আবর্জনার স্তুপ। যারফলে গন্ধে টেকা দায় হয়ে দাঁড়িয়েছে। বেলগাছিয়া ভাগাড় অঞ্চলে বিপর্যয়ের পরবর্তীতে বিগত কয়েকদিন ধরে এই সমস্যা তৈরি হয়েছে বিভিন্ন জায়গায়। আবর্জনা ছড়িয়ে পড়েছে গোটা রাস্তায়। রাস্তা দিয়ে হাঁটাচলা দায়। সেই সঙ্গে দুর্গন্ধে ভরেছে এলাকা। অভিযোগও হুঁশ নেই হাওড়া পুরসভার। রবিবার সকালে স্থানীয়রা শরৎ চ্যাটার্জী রোড অবরোধ করেন। দীর্ঘক্ষণ চলে অবরোধ।
অবরোধকারীদের দাবি অবিলম্বে এই স্থান থেকে ভ্যাট সরাতে হবে। নাহলে বৃহত্তর আন্দোলন হবে।এই অবরোধের পরে সেখানে পৌঁছয় আবর্জনা সাফাই করার জন্য কর্পোরেশনের গাড়ি। দীর্ঘক্ষণ পর শুরু হয় সাফাইয়ের কাজ।







