
বাগুইআটির দেশবন্ধুনগরে অভিজাত আবাসনের বন্ধ ফ্ল্যাট থেকে তরুণীর দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, ওই তরুণীর নাম মণীষা রায়।
ওড়িশার যুবক অন্তর্যামীকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, সোমবার রাতে মণীষার ফ্ল্যাটে তাঁরই পুরুষবন্ধু ওড়িশার বাসিন্দা অন্তর্যামী সোরেন জন্মদিনের পার্টি চলছিল। মঙ্গলবার সকালে বন্ধ ফ্ল্যাট থেকে তরুণীর দেহ উদ্ধার হয়। জানা গিয়েছে, তরুণীর গলায় আঘাতের চিহ্ন রয়েছে।ফ্ল্যাটের কলাপসেবল গেটে তালা মারা ছিল, আর চাবি ছিল মণীষার কাছে। সেই চাবি কোনওভাবেই খুঁজে পায়নি অন্তর্যামী। সেই কারণে তরুণীর নিথর দেহের সঙ্গে রাতভর ফ্ল্যাটেই ছিলেন বাইশ বছরের যুবক। সকালে গেটের তিনটি তালা ভেঙে তরুণীর দেহ উদ্ধার করা হয়। আপাতত পুলিশের কাছে মৃত্যুর কারণ স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই বোঝা যাবে, তরুণীর মৃত্যু কীভাবে। জানা গিয়েছে, মণীষা হলেন বাগুইআটির আক্রান্ত প্রোমোটার কিশোর হালদারের প্রথম পক্ষের মেয়ে।
মণীষার মায়ের সঙ্গে কিশোরের ১৫ বছর আগে পারস্পরিক সম্মতিতে বিবাহ বিচ্ছেদ হয়। এরপর মেয়ে মণীষাকে নিয়ে একাই থাকতেন তাঁর মা।





